ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আবুল বাশার (৫০) নামে ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আবুল বাশার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৬ জানুয়ারি আবুল বাশার কারাগারে আসেন। এর আগেও তিনি একাধিক মামলায় বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। বুধবার সকালে বাথরুম থেকে বের হয়ে ওয়ার্ডে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের মেয়ে রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, তার বাবাকে কোনো অপরাধ ছাড়াই মিথ্যা ও সাজানো মামলায় ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে পাঠানোর পর সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকায় আরব আলী মোল্লা বাড়িতে ১০–১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি আবুল বাশারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নগদ অর্থ, গলানো স্বর্ণ ও একটি অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
