ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে জেলায় বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত।তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা পড়লেও তিনি স্বশরীরে উপস্থিত না থাকায় তার প্রার্থিতা বহাল রয়েছে।রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষে জাতীয় সংসদের ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে মোট ১১ জন বৈধ প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
আগামীকাল বুধবার এসব প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।খাগড়াছড়ি আসনের বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রওয়াজা, বিএমজেপির উশোপ্রু মারমা, গণঅধিকার পরিষদের দীনময় রওয়াজা, ইনসানিয়াত বিপ্লবের মো. নূর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, সমীরণ দেওয়ান ও ধর্ম জ্যোতি চাকমা।
