ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানির সঙ্গে ট্রাম্পের বৈঠক
ডেক্স রিপোর্ট: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কোম্পানিগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভেনেজুয়েলা সংক্রান্ত ভবিষ্যৎ জ্বালানি নীতিতে করপোরেট সমর্থন নিশ্চিত করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য।
বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছেন। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক ঝটিকা সামরিক অভিযানে মাদুরোকে আটক করা হয়—যা ওয়াশিংটনের এই কৌশলের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটও দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল শিল্প অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষমতা ধরে রাখার দাবি করলেও দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি জানিয়েছে, তারা শুধু তেল বিক্রির বিষয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের তথ্যমতে, এই বৈঠকে এক্সন মবিল, শেভরন ও কনোকোফিলিপসের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, শেভরনই বর্তমানে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমতিপ্রাপ্ত একমাত্র মার্কিন কোম্পানি।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু করপোরেট আলোচনা নয়—বরং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করার একটি কৌশলগত পদক্ষেপ।
