ভরা-মৌসুমেও-বাড়ছে-শীতের-সবজির-দাম
শীতের মৌসুমে বাজার ভরে উঠলেও সবজির দামে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের শীতের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ভরা মৌসুমে টমেটোর মতো জনপ্রিয় সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
ডেক্স রিপোর্ট: শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া, হাতিরপুল ও মিরপুর-১১ কাঁচাবাজারে সবজির দাম তুলনামূলক বেশি দেখা যায়। ক্রেতারা বলছেন, শীতের মৌসুমে সবজির সরবরাহ বাড়ার কথা থাকলেও বাস্তবে বাজারে তার প্রতিফলন নেই।
খুচরা ব্যবসায়ীদের মতে, তীব্র শীতের কারণে কৃষকরা নিয়মিত সবজি তুলতে পারছেন না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “প্রচণ্ড শীতে কৃষকরা মাঠে যেতে পারছেন না। সময়মতো সবজি তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সবজির বাজারে স্বস্তি ফিরতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
