নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে প্রায় সাত ঘণ্টা রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে এবং সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস?’, ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার জিয়াউল আহমেদ বলেন, ‘‘রেলপথ বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেসসহ তিনটি ট্রেন আটকে যায় এবং বাকিগুলো আশপাশের স্টেশনে অবস্থান করতে থাকে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।”
আন্দোলনকারীদের বুঝিয়ে অবস্থান থেকে সরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নবীবসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা কয়েক দফা আলোচনা চালান। পরে রাত সাড়ে ১০টার দিকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করে রেল লাইন থেকে সরে গেলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
একজন শিক্ষার্থী বলেন, “প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এটি অযৌক্তিক। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় চাই।”
আরো একজন শিক্ষার্থী বলেন, “এগারোশ নম্বরের লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও পিএসসি তাদের একরোখা অবস্থান বজায় রেখেছে।”
