ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে তার সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন ও একটি হ্যামার নেল গান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—এনামুল হক মোল্লা (৪৮), শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। তাদেরকে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা সম্প্রতি `মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপি’র সভাপতি পরিচয়ে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মিছিল ও মিটিং করে প্রচার চালাতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তার সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০০১ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ
Find us on Facebook
