ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট করা সম্ভব। নো হাঙ্কিপাঙ্কি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে নির্বাচনের আগেই গণভোট ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার আগে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সরকারের চালাকি বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না।
এর আগে, রাজধানীর শাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াতসহ আট দল। এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা।
পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ ৮ দলের নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিয়েছেন।
