ব্রাজিলিয়ান ফুটবল তারকা ডগলাস কস্তা, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: সন্তানদের ভরণপোষণ বাবদ প্রায় ৭৮ হাজার ইউরো বকেয়া পরিশোধ না করায় ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্রাজিলের আদালত। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলের পোর্তো আলেগ্রের ৬ষ্ঠ ফ্যামিলি কোর্টে এ আদেশ জারি করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তার ৩০ দিনের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া কস্তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই জটিলতার কারণে কস্তার সঙ্গে দুই বছরের চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়ার ক্লাব সিডনি এফসি। গত বছর এ ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। চুক্তি বাতিলের পর এক বিবৃতিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কস্তা বলেন, আকাশি-নীল জার্সিতে সময় কাটানো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে ব্যক্তিগত সমস্যার কারণে আর ফিরতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, পেশাদার ক্যারিয়ারে মোট ২৪টি শিরোপা জিতেছেন কস্তা। এর মধ্যে জুভেন্টাসের হয়ে তিনটি সিরি ‘এ’, বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগা এবং ২০২০ সালের ক্লাব বিশ্বকাপ উল্লেখযোগ্য।
সিডনি এফসির প্রধান কোচ উফুক তালায়ও কস্তার অবদানকে ধন্যবাদ জানিয়ে যোগ করেন, দলের স্বার্থে ডগলাস কস্তার বিরুদ্ধে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, তবে তিনি সবসময় ক্লাব ও সমর্থকদের মনে থাকবেন।
সূত্র: গ্লোবো
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে ছন্দপতন: শীর্ষস্থান হারাচ্ছে আর্জেন্টিনা
