ডেস্ক রিপোর্ট: আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। প্রিয় তারকার সম্ভাব্য বিদায়কে ঘিরে পুরো আর্জেন্টাইন ফুটবলেই আবেগের ঢেউ বইছে। সেই আবেগের বাইরে নেই কোচ লিওনেল স্কালোনিও।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “হ্যাঁ, লিও বলেছেন এই ম্যাচটি বিশেষ হতে যাচ্ছে। কারণ এটি ঘরের মাঠে আমাদের বাছাইপর্বের শেষ ম্যাচ। আমাদের অবশ্যই ম্যাচটি উপভোগ করতে হবে। মেসিকে কোচিং করানো সত্যিই আনন্দের। আশা করি স্টেডিয়ামে আসা ভক্তরাও এটি উপভোগ করবে, কারণ তারা তা প্রাপ্য।”
৩৮ বছর বয়সী মেসি এখনো অবসরের ঘোষণা দেননি। তবে বুয়েন্স আয়ার্সের এই ম্যাচটিকে ঘরের মাঠে তার শেষ ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। স্কালোনি আশা প্রকাশ করেন, জাতীয় দলের হয়ে অবসরের আগে ভক্তদের সামনে মেসিকে বিদায় জানানোর আরেকটি সুযোগ আসবে।
২০২২ সালে মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি মনে করে স্কালোনি বলেন, মেসির মতো ফুটবলারকে কোচিং করানো এক বিরল সম্মান। তিনি আরও বলেন, “আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী কেউ নেই। ভবিষ্যতে অসাধারণ খেলোয়াড় আসবে, কিন্তু মেসির মতো কেউ আর হবে না। ও যা করেছে, তা অতুলনীয়।”
ইতোমধ্যেই মেসি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায় নেবেন। ২০৩০ সালের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন ইন্টার মিয়ামির এই তারকার বয়স হবে ৪০ বছর।
