ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মাখদুম হলের সহ-সভাপতি ও ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, খবর ইউএনবির।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য শাখা ছাত্রদল দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রমাণিত হয়, আনিসুর রহমান মিলন ইচ্ছাকৃতভাবে ৯১ জন ছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কোনও সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, “আমরা নারীর অধিকার ও সম্মানে বদ্ধপরিকর। নারীদের নিয়ে বুলিংয়ের ঘটনায় ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমাদেরই এক নারী নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে কঠোর সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে, রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পর প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে তলব করেছিল হল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন এক ফেসবুক পোস্টে ওই ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
