
ইসরায়েলকে বিশ্বকাপ ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ফুটবল কোচ সংগঠন ইতালি (AIAC)। অবরুদ্ধ গাজায় ইসরায়েল কর্তৃক চলমান অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগঠনটি সম্প্রতি এই দাবি তোলে।
আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়ে ইতালির ফুটবল ফেডারেশনের কাছে একটি চিঠি দিয়েছে সংগঠন। পাশাপাশি ফেডারেশনকে চিঠিটি ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে পাঠানোর জন্যও বলা হয়েছে।
ইসরায়েলকে বিশ্বকাপ ফুটবল থেকে নিষিদ্ধ করার জন্য প্রেরণকৃত চিঠির একাংশে উল্লেখ করা হয়—
“এআইএসি পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে মনে করে, প্রতিদিনের গণহত্যায় শত শত কর্মকর্তা, কোচ ও ক্রীড়াবিদের মৃত্যু ঘটছে। তাই ইসরায়েলকে সাময়িকভাবে খেলাধুলার প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি তোলা ন্যায্য, জরুরি এবং কর্তব্য। এই দাবি ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে উপস্থাপন করা উচিত”
খুব শীঘ্রই বিশ্বকাপের বাছাইপর্বে ইতালি ও ইসরায়েলের মধ্যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি মাসের ৮ তারিখ হাঙ্গেরির ডেব্রেসেন শহরে এবং অক্টোবরের ১৪ তারিখ ইতালির উদিনে শহরে দল দুটি খেলতে নামবে।
ইসরায়েলের সাথে অনুষ্ঠিতব্য ম্যাচ সম্পর্কে এআইএসি সহ-সভাপতি জায়ানকার্লো ক্যামোলিজ ব্যক্ত করেন, “আমরা অন্যদিকে তাকিয়ে শুধুমাত্র ফুটবল খেলায় মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি এটা কোনভাবেই ঠিক না।”
ক্যামোলিজ আরও বলেন, “সারা বিশ্বেই এই মুহূর্তে অস্থিরতা বিদ্যমান। ফিলিস্তিনবাসিদের মতো আরও বহু লোক কষ্ট ভোগ করছে। তবে নির্দিষ্ট কোনো স্থানে বৈষম্য অগ্রহণযোগ্য।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে চলমান ইসরায়েলি বর্বরতায় গাজায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজারে। (সোর্স- Wikipedia)
