
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ। এতে চেম্বার আদালতের দেওয়া রায় বহাল থাকায় আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকছে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। এর আগে সকাল ১১টা ১৮ মিনিটে শুনানি শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরদিকে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
প্রসঙ্গত, গত সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিল। তবে সেদিনই বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
পরবর্তীতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত রেখে বিষয়টি আপিল বিভাগে উপস্থাপন করে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে রিট আবেদন করেন বামজোট মনোনীত প্রার্থী বিএম ফাহমিদা আলম। ওই রিটের পক্ষে আদালতে লড়েন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
ফলে আপিল বিভাগের সর্বশেষ রায়ের মাধ্যমে ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছে। এছাড়া বামপন্থী সংগঠনগুলো দুটি ভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। পূর্ণ ও আংশিক সবমিলিয়ে প্রায় ১০টি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।
