ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনীতিকদের প্রতিশ্রুতি বড় ধরনের সংস্কার হিসেবে বিবেচিত হবে।
শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলী রিয়াজ বলেন, গত ষোল বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে ছিল, আর এর দায় রাজনীতিকদেরও নিতে হবে। বিদ্যমান মালিকানার ধারা বহাল থাকলে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “সিদ্ধান্ত নিতে হবে—আপনারা দোকানদার হবেন নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।”
গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, তবে সেটিই হবে সবচেয়ে বড় সংস্কার। পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো ও পেশাদারিত্বকেও সংস্কারের অংশ হিসেবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিক ইউনিয়নগুলোকে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
