ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে এ বিষয়ে মার্কিন গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় কার্লসন এসব কথা বলেন। তিনি দাবি করেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে এবং সৌদি ভূখণ্ডে তাদের উপস্থিতি রয়েছে।
তবে সৌদি আরবের কোন এলাকা হুথিরা দখল করেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ দেননি কার্লসন। তাঁর এ দাবির স্বাধীন সত্যতাও নিশ্চিত করা যায়নি।
এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবে অভিযান চালিয়েছে। সূত্রগুলো জানিয়েছিল, অক্টোবরে এসব হামলা চালানো হয়। তবে হামলার পর হুথিরা সৌদি ভূখণ্ডে অবস্থান করছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও মরুভূমি এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন।
এদিকে ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে আসির, জাজান ও নাজরান—এই তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়। হুথিরা দীর্ঘদিন ধরে এসব অঞ্চলের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে।
কার্লসনের মতে, হুথিদের ওপর ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে তাদের সহায়তার পেছনে অন্য কোনো শক্তিও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি কার্লসন।
সূত্র: মিডল ইস্ট আই
