ডেস্ক রিপোর্ট: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে টঙ্গীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বোর্ড বাজার এলাকায় শ্রমিকেরা আন্দোলন করছেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও শ্রমিকদের অবস্থানের কারণে এখনো যান চলাচলে ধীরগতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
