ডেস্ক রিপোর্ট:বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৩৪। এ স্কোর অনুযায়ী, শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ৪৮৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২৪৫। ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো।
এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ ধরা হয়।
বায়ুদূষণ শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এর ফলে শ্বাসযন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।
