প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১০ আগস্ট: বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তাকে ভারত সফরের আমন্ত্রণ আগেই জানানো হয়েছিল এবং বৈঠকে আবারও সেই আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই দেশের নেতারা একসঙ্গে বসে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যু থাকবেই, তবে দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা একটি—ভালো সম্পর্ক।
ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। ভারত ও বাংলাদেশের জনগণ দুই দেশের মধ্যে সুসম্পর্ক চায়। ভারতের প্রধানমন্ত্রীও তাকে দুই দেশের সম্পর্ক ভালো রাখার গুরুত্বের কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এটিই দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ।
