ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার ফল। আন্দোলনে নিহত, আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি শ্রদ্ধা ও সমবেদনা জানান।
রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের চেতনা মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়। শহীদ ও আহতদের সম্মান, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
