ডেস্ক রিপোর্ট: দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই বিকাশ ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)।
শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ওকাইবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএর নেতাদের মতবিনিময় সভায় যৌথ বিনিয়োগ, কারখানা অধিগ্রহণ, শুল্ক ও নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজীকরণ, টেকসই ও গ্রিন উদ্যোগ এবং উৎপাদনে স্বয়ংক্রিয়করণ ও প্রযুক্তিগত আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
সভায় দুই পক্ষ তৈরি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে চীনা বিনিয়োগ, যৌথ অংশীদারত্বে ব্যবসা সম্প্রসারণ এবং বন্ধ বা রুগ্ণ কারখানাগুলোতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করে।
এ ছাড়া ব্যবসা পরিচালনায় কাস্টমস ও বন্ড-সংক্রান্ত জটিলতা দূর, ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করা, সার্কুলার ফ্যাশন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নিঃসরণ হ্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
ওকাইবের প্রতিনিধিরা বাংলাদেশে কার্বন ট্রেডিংয়ে কাজ করার আগ্রহ প্রকাশের পাশাপাশি সোয়েটার শিল্পের আধুনিকায়নে নতুন প্রযুক্তির মেশিন সরবরাহের প্রস্তাব দেন। এ সময় কাস্টমস ও প্রশাসনিক জটিলতা দূর করতে বিজিএমইএর সহযোগিতা চান তারা।
বিজিএমইএর নেতারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এসব জটিলতা নিরসনের আশ্বাস দেন। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে একটি প্ল্যাটফর্ম তৈরির কথাও জানান।
সভায় ওকাইবের সভাপতি ফেলিক্স চ্যাং বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করে নতুন বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
