ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধিরা ইতোমধ্যে সংসদে জনগণের দুর্দশার কথা তুলে ধরেছেন। সংসদে ফিরে সরকারকে পুরো পরিস্থিতি অবহিত করে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। এ সময় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ ঘুরে দেখেন এবং পরে তাদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব, ইনশাআল্লাহ।”
চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
