ডেস্ক রিপোর্ট: চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ।
আজ বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে নীতিগতভাবে একমত হন।
বৈঠকে রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন উভয় নেতা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোমেসি) বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। এ বিষয়ে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
