ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল-এর বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে স্বৈরাচারকে পুনর্বাসনের লক্ষ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে সুখবর দিয়ে প্রতিমন্ত্রী জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
