ডেস্ক রিপোর্ট: নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে লক্ষ্মীপুরসহ দেশের আরও ১০ জেলা —এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকার পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের জেলায় এ সেবা সম্প্রসারিত হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের সব জেলাকে ধাপে ধাপে রেল নেটওয়ার্কের আওতায় আনা। এ লক্ষ্যে নতুন করে যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিদ্যমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্প। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
রেলপথমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে বিদ্যমান ‘মিসিং লিংক’ দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা কর্ড লাইনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৬৪টি জেলার সবগুলোকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
