ডেস্ক রিপোর্ট: বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ‘ব্যাংকার্স মিট’ আয়োজন করল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক কোম্পানি ফিল্পস লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রেডিসন ব্লু হোটেলে এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংক, খবর বিডিনিউজ টুয়েন্টিফোর।
অনুষ্ঠানে নিজেদের ডিজিটাল ঋণ প্রযুক্তি ও গ্রাহক অনবোর্ডিং সল্যুশন তুলে ধরে ফিল্পস লিমিটেড। এ ডিজিটাল প্রযুক্তি ব্যাংক খাতকে কীভাবে গ্রাহকবান্ধব করছে তাও দেখানো হয়।
ফিল্পসের কান্ট্রি ম্যানেজার তুষার হাসান বলেন, “আমাদের লক্ষ্য হলো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি ও গভীর সম্পর্ক তৈরি করা এবং তাদের কৌশলগত লক্ষ্যসমূহের সঙ্গে আমাদের সমাধানগুলোকে সামঞ্জস্যপূর্ণ করা।”
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির মাধ্যমে কীভাবে আর্থিকখাতে পরিবর্তন আসছে তা অনুষ্ঠানে তুলে ধরেন খ্যাতনামা লেখক ব্রেট কিং।
প্রথাগত ব্যাংকের সঙ্গে ডিজিটাল ব্যাংকের ব্যবধান দিন দিন বাড়ছে জানিয়ে তিনি বলেন, “২০-৩০ বছর পর ব্যাংকিং খাত পুরোপুরি প্রযুক্তি নির্ভর হবে। দিন দিন নগদ টাকার ব্যবহার কমছে, যা সামনে আরো কমে যাবে। ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তিই অন্য রকমের ব্যাংক খাতকে পরিচয় করিয়ে দেবে।”
ব্রেট কিং বলেন, “বাংলাদেশের অর্থনীতিতেও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নতি করার সুযোগ রয়েছে। প্রযুক্তি নির্ভরই হতে হবে, কারণ আগামীতে আর্থিক খাতে প্রযুক্তির ব্যাপক রকমের পরিবর্তন আসবে।”
জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে মন্তব্য করে তিনি বলেন, “বায়ু দূষণ অনেক বড় রকমের সমস্যা। নীল আকাশ দেখা যায় না কালো ধোঁয়ার কারণে। তাই কাঠামোগত পরিবর্তন করা নিয়ে চিন্তা করতে হবে।”
অনুষ্ঠানে ফিল্পসের তরফে সিটি ব্যাংক ও এবি ব্যাংকের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দেন ব্রেট কিং।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, “ফিনটেক খাতে এমন উদ্যোগ সময়োপযোগী এবং অনুপ্রেরণাদায়ক। আমরা ফিল্পসকে ধন্যবাদ জানাই ব্রেট কিং’কে বাংলাদেশে আনার জন্য।”
