আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “Application of Statistical Methods in Data Science: Hands-on Training” শীর্ষক সেমিনার।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিভাগে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোছা. তাওয়াবুন্নাহার রূপা। এছাড়াও একাডেমিক শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মেরাজুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে ড. এম. রেজাউল করিম দুই ধাপে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। প্রথম পর্বে তিনি ডাটা সায়েন্সের মৌলিক ধারণা উপস্থাপন করেন এবং পরবর্তীতে ডাটা সায়েন্সের মূল বিষয়সমূহ ও বাস্তব জীবনে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দ্বিতীয় পর্বে তিনি হাতে-কলমে পাইথন শেখানোর প্রক্রিয়া তুলে ধরেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী ও বাস্তবমুখী অভিজ্ঞতা প্রদান করে।
এ বিষয়ে মূল বক্তা ড. এম. রেজাউল করিম বলেন, বর্তমান যুগে ডাটা সায়েন্স একটি অত্যন্ত সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান ক্ষেত্র। প্রযুক্তির অগ্রগতির ফলে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা তৈরি হচ্ছে, আর সেই ডেটা থেকে কার্যকর ও অর্থবহ তথ্য বের করতে পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়, শিক্ষার্থীদের অবশ্যই বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস এবং সমস্যা সমাধানের সক্ষমতা ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
বিভাগীয় প্রধান মোছা. তাওয়াবুন্নাহার রূপা তার বক্তব্যে বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এর মাধ্যমে তারা বাস্তব জীবনে পরিসংখ্যানের প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
