ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেওয়ার কারণে দেশে হামের সংক্রমণ বেড়েছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।” দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসার আশা প্রকাশ করেছেন মন্ত্রী।
ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী দায়িত্বে অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনসহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আর আগে, মন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
