ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের কল্যাণে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি; বরং মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি হয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বরেন্দ্র উন্নয়ন প্রকল্প বেগম খালেদা জিয়ার আমলে সম্প্রসারিত হয়েছিল, কিন্তু বর্তমানে প্রকল্পটি বন্ধ রয়েছে। ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা, খাল খনন এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
পদ্মাপাড়ের জনগণের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে কৃষি, পানিসম্পদ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি উত্তরাঞ্চলের আসনগুলোতে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্য পথে— সেই সিদ্ধান্ত নিতে হবে ১২ তারিখে।” তিনি বিএনপিকে শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী দল হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তারা ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত ও আইনের আওতায় বিচার নিশ্চিত করার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান।
