ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীর এই সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৪৯ জন।
বুধবার দিবাগত রাতে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।ইসির তথ্য বলছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে ২২৪টি আসনে।এছাড়া জাতীয় পার্টি ১৯২টি, গণঅধিকার পরিষদ ৯০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।
নির্বাচন কমিশন জানায়, বর্তমানে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে ওই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে।তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে।এর আগে গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
