ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে মোট ২৯৮টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।ইসি সূত্র জানায়, ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়।
পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৩৯ জন আপিল করেন, যার মধ্যে ৪৩১ জন আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।ইসি জানায়, বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।
