ডেস্ক রিপোর্ট:রংপুর, ১৪ জানুয়ারি ২০২৬ আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজতিনি বলেন, ভবিষ্যতে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নির্ভর করছে এই গণভোটের ফলাফলের ওপর।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন এলে তরুণ প্রজন্ম একটি ন্যায্য ও বৈষম্যহীন রাষ্ট্র পাবে।বুধবার বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কাগজে-কলমে লেখা একটি দলিল হলেও এর ভিত্তি তৈরি হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে। তিনি বলেন, এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই
তিনি আরও বলেন, গণভোটে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় আনার প্রশ্ন নেই। জনগণ যদি ‘হ্যাঁ’ বলে, তবে কোনো রাজনৈতিক শক্তির পক্ষেই রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা সম্ভব হবে না। দীর্ঘ ষোলো বছরে যেভাবে জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতি হয়েছে, ‘হ্যাঁ’ ভোট সেই অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে সতর্কতা উচ্চারণ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশে যাতে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণভোট জনগণের সেই সচেতনতার একটি কার্যকর হাতিয়ার।সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
