ডেস্ক রিপোর্ট: বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রণীত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালিত হবে। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।
বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রমকে কেন্দ্র করে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা,নিরাপত্তা ব্যবস্থাপনা এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
