ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,‘যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপ্রেসনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনি মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন—আমার মনে হয়,
আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন’
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
এর আগে শনিবার (২৯নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।
