ডেস্ক রিপোর্ট: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার সকালে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিনের অসুস্থতার পর ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করলেন এই কিংবদন্তি অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র তাঁর ৯০তম জন্মদিন উদ্যাপন করার কথা ছিল। পবন হ্যান্স শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অক্টোবরের ৩১ তারিখে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারের ভোরেই আসে তাঁর মৃত্যুসংবাদ।
ধর্মেন্দ্রর শেষযাত্রায় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী, অমিতাভ বচ্চন, সালমান খান, সঞ্জয় দত্ত, আমির খানসহ বহু তারকা। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে শ্মশানচত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রীসহ নানা নেতৃবৃন্দ সামাজিকমাধ্যমে তাঁদের গভীর সমবেদনা জানিয়েছেন।
শ্রীরাম রাঘবন পরিচালিত বহু প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ইক্কিস—এ দেখা যাবে ধর্মেন্দ্রকে শেষবারের মতো। অমিতাভ বচ্চনের নাতি অগত্স্য নন্দাকে নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫।
আরো পড়ুন : তিন খান একসঙ্গে পর্দায়?-শাহরুখের ইঙ্গিত
