
ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, ভূমিকম্পে এরইমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, গাজীপুরের একটি কারখানার শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় একশর কাছাকাছি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের মানুষ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবিলা করবে এবং সরকার সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে।
