ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে তারল্য সংকট মোকাবিলায় পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৫’-এ তিনি বলেন, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গভর্নর জানান, তারল্য সংকটে থাকা ইসলামি ব্যাংকগুলোর পুনর্গঠন ও পুনর্বিন্যাস দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে কয়েকটি ইতিবাচক ফলাফলও পেয়েছে। তিনি বলেন, “আমরা চাই ইসলামি ব্যাংকগুলোর ব্যালেন্স শিট শক্তিশালী হোক, পরিশোধিত মূলধন বাড়ুক এবং সুশাসন নিশ্চিত হোক।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক আইবিবিএল এক সময় তীব্র তারল্য সংকটে পড়লেও বর্তমানে পরিস্থিতি অনেক স্থিতিশীল। এমনকি ২০২৫ সালে ইসলামি ব্যাংকিং খাতে সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধিও অর্জন করেছে ব্যাংকটি।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ও প্রচলিত—উভয় ধরনের ব্যাংককেই উচ্চমানের অডিটিং ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক একটি আধুনিক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে, যা খাতটিকে আরো শক্তিশালী করবে।
ইসলামি ব্যাংকিং খাত সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে উঠে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, “আমরা চাই খাতটি পরিকল্পিত, সুশাসিত ও টেকসইভাবে এগিয়ে যাক। আমানতকারীরাও ধীরে ধীরে আস্থা ফিরে পাচ্ছেন, যা শিল্পের জন্য ইতিবাচক সংকেত।”
