ডেস্ক রিপোর্ট: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদকে “মানসিকভাবে অত্যন্ত কঠিন” বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের শাতোঁ মিরাভাল এস্টেটকে ঘিরে চলমান আইনি লড়াইয়ের অংশ হিসেবে তিনি লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দেওয়া এক নথিতে ওই মন্তব্য করেন।

জোলি জানান, বিচ্ছেদের পর তিনি লস অ্যাঞ্জেলেসের বাড়ি এবং ফ্রান্সের শাতোঁ মিরাভাল উভয় সম্পত্তির পূর্ণ নিয়ন্ত্রণ ব্র্যাড পিটের হাতে তুলে দেন, বিনিময়ে কোনো অর্থ নেননি। তার দাবি, এই সিদ্ধান্ত তিনি নেন সম্পর্কের টানাপোড়েন কমানোর আশায়।তিনি বলেন,“আমার ও সন্তানদের জন্য ওই সময়টি ছিল মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। বিচ্ছেদের আবেদন করার পর লস অ্যাঞ্জেলেস ও মিরাভালের বাড়িগুলোর পূর্ণ ব্যবহার ও নিয়ন্ত্রণ আমি তাকে দিয়ে দিই, যেন তার আচরণ কিছুটা শান্ত হয়।”
জোলি জানান, তিনি এবং তার ছয় সন্তান—ম্যাডক্স (২৪), প্যাক্স (২১), জাহারা (২০), শাইলোহ (১৯) এবং যমজ নক্স ও ভিভিয়েন (১৭)—“আর কখনও” মিরাভাল এস্টেটে ফেরত যাননি। কারণ এটি তাদের জন্য “বেদনাদায়ক স্মৃতির জায়গা”।বিচ্ছেদের পর তিনি সন্তানদের নিয়ে নতুন বাড়ির সন্ধান শুরু করেন এবং প্রথমে ভাড়ার বাসায় ওঠেন।
পিট শাতোঁ মিরাভাল নিয়ে যোগাযোগসংক্রান্ত ব্যক্তিগত নথি জমা দিতে জোলিকে আইনি নোটিশ পাঠান। এর জবাব দিতে গিয়ে ৩৩ হাজার ডলার আইনজীবী ফি গুনতে হয়েছে বলে জানান জোলি। তিনি আদালতের কাছে আবেদন করেছেন, এই খরচ পিটকে পরিশোধ করতে হবে।
জোলি তার মালিকানাধীন অংশ স্টোলি গ্রুপের ওয়াইন বিভাগে বিক্রি করার পর পিট মামলা করেন। পিটের দাবি, এ কাজে তার সম্মতির প্রয়োজন ছিল। জোলি বলেন, তার সঞ্চয় ওই সম্পত্তিতেই আটকে ছিল এবং তিনি কোনো ভরণপোষণ বা আর্থিক সহায়তা চাননি।
২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর তারা আলাদা হন। ২০১৯ সালের ১২ এপ্রিল আইনিভাবে অবিবাহিত ঘোষণা করা হয়। এরপর থেকে শাতোঁ মিরাভাল ইস্যুতে আইনি বিরোধ অব্যাহত রয়েছে। এ বছরের শুরুর এক আবেদনে পিটের আইনজীবীরা দাবি করেন, স্টোলি গ্রুপের নির্বাহী আলেক্সেই ওলিনিক জবানবন্দি দিতে অস্বীকার করেছেন, যার প্রমাণ হিসেবে তারা ব্যক্তিগত বার্তা চাইছেন।
আরো পড়ুন : টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’
