ডেস্ক রিপোর্ট: ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) ১২১ টাকা ৮০ পয়সা দরে ৮টি ব্যাংক থেকে ডলার ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১.৯৮ বিলিয়ন ডলার নিলামের মাধ্যমে কেনা হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬২ বিলিয়ন ডলারে।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ডলারের দরে ভারসাম্য রক্ষা এখন জরুরি। কারণ, দর অতিরিক্ত বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়, আর কমে গেলে রপ্তানিকারক ও প্রবাসী আয়ের প্রণোদনা কমে যায়। তাই কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনে একদিকে বাজার স্থিতিশীল রাখছে, অন্যদিকে রিজার্ভ শক্তিশালী করছে।
বর্তমানে নিলাম পদ্ধতিতে ডলার বিক্রির মাধ্যমে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ইতিবাচক থাকে এবং অর্থনীতি স্থিতিশীল থাকে।
