ডেস্ক রিপোর্ট: ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী কয়েক মাসে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা দেখা দিয়েছে।
ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির ফেডারেল পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৪ শতাংশে, যা আগস্টে ছিল ২.২ শতাংশ। বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় এই হার সামান্য বেশি। বিশেষ করে সেবা ও পণ্যের ব্যয় বৃদ্ধিই মুদ্রাস্ফীতির এই উত্থানের মূল কারণ।
ইসিবি’র প্রাধান্যপ্রাপ্ত ‘হরমোনাইজড’ সূচকে ভোক্তা মূল্যের পরিবর্তনও ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত মাসে ছিল ২.২ শতাংশ।
অন্যদিকে, ফ্রান্সে জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসি জানায়, সেপ্টেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ১.২ শতাংশ, যা আগস্টে ছিল ০.৯ শতাংশ। সেবা খাতে ব্যয় বৃদ্ধিই ফ্রান্সে মুদ্রাস্ফীতির হার বাড়িয়েছে। ‘হরমোনাইজড’ হারে ভোক্তা মূল্যও আগস্টের ০.৮ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ১.১ শতাংশে পৌঁছেছে।
ইতালিতে বার্ষিক মুদ্রাস্ফীতি স্থিতিশীল থেকে ১.৬ শতাংশে রয়েছে। তবে ‘হরমোনাইজড’ হারে মূল্য বৃদ্ধি আগস্টের ১.৬ শতাংশ থেকে সেপ্টেম্বরে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) গত কয়েক মাসে ক্ষতিগ্রস্ত ইউরোজোন অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়তা করতে একাধিকবার সুদের হার কমিয়েছিল। তবে সর্বশেষ দুটি বৈঠকে ব্যাংকটি সুদের হার অপরিবর্তিত রেখেছে, যেহেতু মুদ্রাস্ফীতি এখন ইসিবি’র ২ শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি।
আগামী ৩০ অক্টোবর ইসিবি’র পরবর্তী সুদের হার নির্ধারণ বৈঠক অনুষ্ঠিত হবে। অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন, এই বছরের বাকি সময় ইসিবি সুদের হার অপরিবর্তিত রাখবে।
