ডেস্ক রিপোর্ট: ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া কমে যাওয়ায় এবং অতিরিক্ত তারল্যের কারণে দুই বছরের মধ্যে প্রথমবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার নেমে এসেছে ১০ শতাংশের নিচে।
গত বুধবারের নিলামে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার দাঁড়ায় ৯ দশমিক ৮৯ শতাংশে। তিন মাস আগেও এ হার ছিল ১২ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ ২৪৬ বেসিস পয়েন্ট কমেছে সুদের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওইদিনের নিলামে ২ হাজার কোটি টাকারও বেশি ট্রেজারি বন্ড বিক্রি হয়েছে।
ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সুদের হার কমার পেছনে তিনটি প্রধান কারণ হলো—ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য, নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা এবং সরকারের ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণ নেওয়া কমানো।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, নতুন বিনিয়োগ কম থাকায় ব্যবসায়ীরা ব্যাংক থেকেও কম ঋণ নিচ্ছেন, ফলে তারল্য বেড়েছে। একইসঙ্গে সরকার ট্রেজারি বন্ড থেকে কম ঋণ নিচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ব্যাংকগুলো এখন নিরাপদ বিনিয়োগ হিসেবে ট্রেজারি বিল ও বন্ডের দিকে ঝুঁকছে।
বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের বিপরীতে ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। তবে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো আরও সতর্ক হয়ে উঠেছে। ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগকে ব্যাংকগুলো নিরাপদ মনে করছে কারণ এতে সরকারের গ্যারান্টি থাকে এবং নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) ও বৈধ তারল্য অনুপাত (এসএলআর) সংরক্ষণ করতে হয় না।
