ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শোবিজ অঙ্গনের নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি সামাজিকমাধ্যমে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। কিন্তু সেই ছবিকে ঘিরে অপ্রত্যাশিতভাবে নানা ধরনের কটূ মন্তব্যের মুখে পড়তে হয় তাকে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র সপ্তম পর্বে এসে মৌ নিজের অভিমান ও ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি ভাবতেই পারেননি মানুষ এতটা কঠোর মন্তব্য করবে। ব্যক্তিগত বিষয় নিয়েও যে এভাবে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে, তা তার কাছে একেবারেই অচিন্তনীয় ছিল।

মৌ জানান, এসব মন্তব্য পড়ে তিনি যেমন ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়েছেন, তেমনি তার ছেলে-ও ভীষণভাবে কষ্ট পেয়েছে। ছেলে বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করেছে—“ওদের কি মা নাই?”—যার উত্তর দিতে তিনি অসহায় হয়ে পড়েন। মৌ বলেন, এক মুহূর্তের জন্যও মানুষ ভাবেনি মা-ছেলেকে এ ধরনের মন্তব্য কতটা আঘাত করতে পারে।
শোবিজ অঙ্গনে মৌয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে। সেই বিজ্ঞাপনের জন্য রেকর্ড এক লাখ টাকার পারিশ্রমিক পান তিনি, যা তাকে দেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেলে পরিণত করে। তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করছেন এবং একজন গুণী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।
অভিনয়ে মৌয়ের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে, ‘অভিমানে অনুভবে’ নাটকের মাধ্যমে। যদিও তিনি শুরুতে অভিনয়ে আগ্রহী ছিলেন না, অনেকটা জোর করেই তাকে রাজি করানো হয়। ঢাকাই সিনেমার নামকরা নির্মাতাদের কাছ থেকেও প্রস্তাব পেয়েছেন তিনি। এমনকি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘সাজান’-এর রিমেক ‘স্বজন’ ছবিতেও অভিনয়ের ডাক এসেছিল।
আরো পড়ুন : আলোচনায় ওয়েব ফিল্ম ‘নয়া নোট’
