ডেস্ক রিপোর্ট: বলিউডের সুপারস্টার শাহরুখ খানের প্রতিষ্ঠিত মীর ফাউন্ডেশন পাঞ্জাবের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা প্রাথমিক পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে মোট ১,৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
পাঞ্জাব গত কয়েক দশকের ভয়াবহতম বন্যার মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণের ফলে সুতলজ, বিয়াস ও রাভি নদীসহ বিভিন্ন ছোট নদীর পানি ফুলে-ফেঁপে বিপর্যস্ত করেছে অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুর জেলার গ্রামগুলোকে।

মীর ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম স্থানীয় কয়েকটি এনজিওর সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ঔষধ, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সরঞ্জাম, মশারি, তারপলিন শিট, ভাঁজ করা খাট, তুলার গদিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা পরিবারগুলোর তাৎক্ষণিক স্বাস্থ্য, নিরাপত্তা ও আশ্রয়ের চাহিদা পূরণ করবে এবং তাদের মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ে তুলতে সাহায্য করবে।
গত সপ্তাহে শাহরুখ খান এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছিলেন, “পাঞ্জাবের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় কেঁদে ওঠে। সবাই যেন শক্ত থাকেন… পাঞ্জাবের মনোবল কখনো ভাঙবে না। সবার প্রতি প্রার্থনা ও ভালোবাসা।”
অন্যদিকে, সালমান খানের বিইং হিউম্যান ফাউন্ডেশন ও পাঁচটি রেসকিউ বোট পাঠিয়েছে এবং তিনি বিগ বস ১৯ অনুষ্ঠানে বলেছেন, “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। শুধু আমরা নই, পাঞ্জাবের বিখ্যাত গায়ক-শিল্পীরাও নিজেদের ভেদাভেদ ভুলে সাহায্যের হাত বাড়াচ্ছেন।”
এর আগে ভারতের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক সংকটে মীর ফাউন্ডেশন সহযোগিতা করেছে। এবারও শাহরুখ খান ও তার সংস্থা মানবতার বার্তা পৌঁছে দিলেন বন্যাকবলিত পাঞ্জাবে।
আরো পড়ুন : রালফ লরেন ফ্যাশন উইকে প্রিয়াঙ্কা-নিক, মনে করিয়ে দিল মেট গালা ডেবিউ
