ডেস্ক রিপোর্ট: আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনজন সাক্ষী। তারা দাবি করেন, নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার এ অভিযোগ করেন। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন অভিযোগটি জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৯ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএম আউয়াল সাক্ষী মাহবুবুলকে সাঈদীর বিরুদ্ধে মামলা দিতে বলেন। রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতেও তাকে বাধ্য করা হয়।
শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন আইসিটির তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিচারক এটিএম ফজলে কবির, এমপি একেএম আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের মোট ৪০ জন।
আইনজীবী পারভেজ জানান, বাকিদের মতো আরও দুই সাক্ষীকেও একইভাবে নির্যাতন করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। এর আগে গত ২১ আগস্ট সাক্ষী সুখরঞ্জন বালি একই অভিযোগে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন।
