
ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে পুলিশে ৪ হাজার এএসআই বা উপসহকারী পুলিশ পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর পুলিশের মহাপরিদর্শক জনাব বাহারুল আলম এ কথা জানান।
আগামী নির্বাচনকে সামনে রেখে এ নিয়োগ হচ্ছে কিনা—এ প্রশ্নে বাহারুল আলম বলেন, “জ্বী, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোই আসলে আমরা ওয়ার্ক আউট করছি।”
উক্ত বৈঠক সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, “পুলিশের একটি প্রতিনিধি দল এসেছিলেন, পুলিশ রেগুলেশনের দুই-একটি সংশোধনের মাধ্যমে তাদের বড় ধরনের নিয়োগ চলছে। নিয়োগটা যাতে দ্রুত হয়, সেজন্য একসঙ্গে বসে আমরা মিটিং করলাম। আমরা যদি আজকে অর্ডারটা করে দিতে পারি, তাহলে এএসআইসহ অন্যান্য যে নিয়োগ চলছে সেগুলো দ্রুত হবে।”
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগ প্রক্রিয়ায় অর্ধেক নিয়োগ দেওয়া হবে সরাসরি এবং বাকি অর্ধেক পূরণ করা হবে বাহিনীতে কর্মরত পুলিশ সদস্যদের পদোন্নতির মাধ্যমে।
ইতোপূর্বে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি এএসআই নিয়োগের কোনো বিধিমালা ছিল না। কর্মরত পুলিশ সদস্যদের প্রমোশন দিয়ে এ পদে নিয়োগ দেয়া হতো। নতুন সংশোধনীর মাধ্যমে এ প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।
সূত্র: ইউএনবি
আরও পড়ুন: ইতালিতে অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা
Find us on Facebook- DhakaChat
