ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি ওয়াইন বারের বাইরে ভিড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নরমাঁদি অঞ্চলের এভরো শহরে শনিবার স্থানীয় সময় ভোরের আগে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে কৌঁসুলিরা পরে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে জানান।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে একে ‘সন্ত্রাসবাদ’ বা বর্ণবাদী অপরাধ বলে বিবেচনা করা হচ্ছে না, বলেছেন কৌঁসুলিরা।
“দুর্ভাগ্যজনকভাবে হতাহতের সংখ্যা বেশি,” বলেছেন সরকারি কৌঁসুলি রেমি কুতাঁ।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত ৫ জনের মধ্যে দুইজনের অবস্থা ‘গুরুতর’।
কুতাঁ বলছেন, এক তরুণী ও একাধিক পুরুষের মধ্যে ‘ঝগড়ার’ পর এ ঘটনা ঘটে।
এরপর বাউন্সাররা (বারে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী) সবাইকে এভরো শহরের কেন্দ্রে অবস্থিত বারটির বাইরে নিয়ে যান।
“এক ব্যক্তি গাড়ি আনতে যান এবং ইচ্ছাকৃতভাবে গাড়ি পেছন দিকে জোরে চালিয়ে ভিড়ের মধ্যে তুলে দেন। ঘটনাটি তীব্র রূপ ধারণ করে এবং বেদনাদায়ক পরিণতিতে শেষ হয়,” বলেন কুতাঁ।
তিনি জানান, গাড়িটির চালকসহ দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করার সম্ভাবনা রয়েছে।
