ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) উন্নয়ন এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ওয়ান সিটিজেন ওয়ান আইডি, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
তিনি জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে সরকার আন্তরিক। যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করতে কাজ চলছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। মন্ত্রীর মতে, প্রকল্পটি দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে। এ উদ্যোগে এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি।
রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তাঁর দেশ আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ পাবে।
রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রয়োজন।
সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।
তিনি জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। এ ছাড়া জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
সচিবের ভাষ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
