ডেস্ক রিপোর্ট:রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ এশিয়া পোস্টকে জানান, সকালে আওয়ামী লীগের মিছিল ও সেখান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় দুটি এজাহার জমা পড়েছে। পৃথক মামলা দায়েরের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
এর আগে খিলগাঁওয়ের আপন কফি শপের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সেখানেও কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে। তবে খিলগাঁও থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান এ বিষয়ে কোনো তথ্য পাওয়ার কথা জানাননি।
এ ছাড়া তেজগাঁওয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয়, মাটিকাটায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, ক্যান্টনমেন্ট থানা এলাকা, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটক, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
