ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ওই সরকারে তাঁর বর্তমান ডানপন্থি জোটের সব দলকে অন্তর্ভুক্ত করার শর্ত দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ আহ্বান জানান। একই সঙ্গে আরব দলগুলোর সঙ্গে জোট গঠন না করতে আইজেনকোটকে সতর্ক করেন তিনি।
এর আগে শনিবার রাতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানান, নেতানিয়াহুকে বাদ দিয়ে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতানিয়াহু বলেন, তাঁর ডানপন্থি জোটের সব দলকে অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে। তাঁর অভিযোগ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করা হলে ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তবে গাদি আইজেনকোট আগেই জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি কোনো ধরনের জোট করবেন না।
নির্বাচনের পর প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ সভায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের পক্ষে সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন আইনপ্রণেতা।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
