ডেস্ক রিপোর্ট:জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়েছে এবং বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে উল্লেখ করেছে। মূল কম্পনের পর ওই অঞ্চলে একাধিক পরাঘাতও অনুভূত হয়।
বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচার। প্রতিবেশী আইচি অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি অঞ্চলেও ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কোনো কম্পন অনুভূত হয়নি।
জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে রাস্তায় ভাঙা কাচ ছড়িয়ে থাকতে দেখা গেছে। একটি বইয়ের দোকানের তাক থেকে সব বই নিচে পড়ে যায়। আহতদের বেশিরভাগই ভূমিকম্পের সময় দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বা বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: এপি
