৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: ঢাকাচ্যাট
ডেস্ক রিপোর্ট:ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন পোশাক কারখানা থেকে কয়েকশ শ্রমিক বেরিয়ে এসে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী ও চাষাঢ়ামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন।
এর আগে সকাল ১১টা থেকে শ্রমিকেরা কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিলেও বিকেল তিনটার দিকে আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে ফের অবরোধ সৃষ্টি করেন।
বিকেল সাড়ে চারটার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান ও আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়া হয়।
এদিকে, গতকাল সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। আজ নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল। তবে বিকেলে নতুন করে সড়ক অবরোধের ঘটনায় ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়।
