ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্টঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার আয়োজনে রোববার (১ নভেম্বর) আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ, বিসিআইসি কলেজ ও রূপনগর মডেলসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও ফুলকুঁড়ি আসরের সদস্যসহ প্রায় ৩০০ জন অংশ নেন।
শিশু-কিশোরদের নৈতিক বিকাশে গুরুত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ড. ইকবাল কবির মোহন ও ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুতাসিম বিল্লাহ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার উপদেষ্টা সভাপতি মু. মোশাররফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খ. ম. কবিরুল ইসলাম শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে ফুলকুঁড়ি আসরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিশু-কিশোরদের মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে তাদের সৃজনশীল এবং গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান তিনি।
সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি, গান, অভিনয়, নাটিকা ও মূকাভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া মাইন্ড ম্যারাথন, কেরাত, টেন টিসি ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রায় শতাধিক পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের বক্তব্য ও শিশু-কিশোরদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
পাঁচ আদর্শ নিয়ে কাজ করছে ফুলকুঁড়ি আসর
ফুলকুঁড়ি আসর ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচটি আদর্শ ধারণ করে ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগান সামনে রেখে কার্যক্রম পরিচালনা করছে।
শিশু-কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান ও স্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলা এবং দেশ ও মানুষের সেবায় উদ্বুদ্ধ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
